২০১০ সালের ১৯ সেপ্টেম্বর শুরু হয় ‘লাল টিপ' ছবির জন্য চিত্রধারণের কাজ৷ দীর্ঘ আট মাস সময় লেগেছে এটির চিত্রধারণ সম্পন্ন করতে৷ ইতিমধ্যে, বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় ডাবিং এর কাজ শেষ হয়েছে৷ আগামী বছর একইসাথে ২৫টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক আহমেদ৷
বাংলাদেশ ও ফ্রান্সের তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি রয়েছে ‘লাল টিপ' ছবিতে৷ ইমন এবং কুসুম শিকদার রয়েছেন প্রধান চরিত্রে৷ ফরাসি অভিনেত্রী আনা লেভিনের বান্ধবী হিসেবে একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি-টু' এবং হলিউডের জনপ্রিয় টিভি সিরিজ ‘ভ্যাম্পায়ার'-এর নায়িকা দেবরাহ নিউম্যানকে৷ এছাড়া রয়েছে ফরাসি চলচ্চিত্র তারকা দানিয়েল ক্রমঁ, জেরার্ড টোপাডো, নাটালি ফ্রাঁসেস্কি এবং লঁনা৷ বাংলাদেশি তারকাদের মধ্যে রয়েছেন এটিএম শামসুজ্জামান, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান, মিশু এবং কোনাল৷ ছবিটির সুর-সংগীতে রয়েছে ফুয়াদ, আবরার টিপু এবং আরফিন রুমির সৃষ্টিশীলতার ছোঁয়া৷ এছাড়া তিন বারের অস্কার বিজয়ী সুরস্রষ্টা মরিস জারে'র একটি কম্পোজিশনও রয়েছে এতে৷
ফ্রান্সে বসবাসরত অভিবাসী একটি ছেলে এবং একটি মেয়ের জীবনকে ঘিরে গড়ে উঠেছে ‘লাল টিপ' ছবির ঘটনা প্রবাহ৷ পরিচালক আহমেদ বলেন, বিদেশের মাটিতে বাঙালি সমাজের সাথে বসবাসরত একজন বাংলাদেশি নারীর দ্বৈত সত্ত্বার প্রকাশ ঘটানো হয়েছে ছবিটিতে৷ ছবিটি সম্পর্কে নায়িকা কুসুম শিকদারের মন্তব্য, ‘‘এটি এমন একটি ছবি যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন ধারার সৃষ্টি করতে পারে৷''